আরো একটা বছর...
আরো একটা বছর...
কেটে গেল তোমাকে ছাড়া।
তোমাকে ছাড়া?
মনে আসতে দিইনি সে কথা একবারও
শিরশিরে ভয়, মনে করতে ভয়
জোর করে ভুলে থেকেছি
শক্ত করে মুখ চেপে ধরেছি
শুকিয়ে ফেলেছি সব চোখের জল।
না হলে চলবে না হৃদয়ের ধুকপুক,
চলবে না অবশ দুটো পা
চলবে না হাত, মাথা, মন
ব্যর্থ হয়ে যাবে শিশুদের জীবন।
কেমন করে স্তব্ধ হল তোমার হৃদয়ের শব্দ?
বোবা বেদনার অগ্নিশলাকা বেঁধে
বুকের ভিতর দিন রাত অবিরত
কেটে যায় সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যে যত।
কেটে যায় আরো আরো বছরের
প্রতিটি মুহূর্ত, পল
তোমাকে ছাড়া।
তোমার জন্যই সব ছাড়া –
সব ছেড়ে ঝাঁপ দেওয়া,
তোমার জন্যই দীর্ঘ রাস্তা হাঁটার ভরসা,
তোমার জন্যই সন্ধ্যেবেলা নাটক দেখা,
তোমার জন্যই জীবনযুদ্ধের পাঠ নেওয়া,
তোমার জন্যই সবহারাদের চোখ চেয়ে দেখা,
তোমার জন্যই সারারাত সেতার, সরোদ শোনা,
তোমার জন্যই ঋত্বিক, মৃণাল আলোচনা করা।
আজও সব আছে –
সিনেমা, নাটক, গান, বই পড়া
তবু কিছু নেই... কিছু নেই...
শুধু কেটে যায় সব কটা দিন, রাত
তোমাকে ছাড়া।
গান তো গাইনি আমি কতদিন-ই
আঁকিনি ছবি, লিখিনি কিছুই
অভিমান জমা থাকে সব বুকের কোটরে
মাঝে মাঝে কেন যে চোখের জল ঝরে...
আর কতোদিন ভুলে থাকব এই চরম সত্য?
কাছে থাকো, পাশে থাকো
এ ঘরে, ও ঘরে থাকো
আমাদের দেখে রেখো আগেকার মতো।
থাকবে তো আমার পাশে
আগের মতো ঠিক?
সেই যখন প্রথম ভালবেসেছিলে?
ইতি তোমার টিপ।
২৩শে ফেব্রুয়ারি, ২০১০
Subscribe to:
Post Comments (Atom)
Cafe theke likhchi. DarunQ Folllower Gadgetta upore niye jan. Pore eto boro chobi tulbenna. Picasar byabohar shikhe nin. Na parle ami pore bole debo.
ReplyDelete