সংঘমিত্রা নাথ
ফেলে আসা দিন স্মৃতির দরিয়া
বেয়ে চলি আজ উজানের খেয়া,
ভেসে যায় দিন,ভেসে যায় মুখ
কচি কচি মেয়েদের ঝলমলে চোখ ;
চুলে বেণী, মুখে হাসি সদা চঞ্চল
সবুজ স্কার্ট,সাদা শার্টএ মেয়েদের দল।
জনা,কৌশিকা,দেবারতি,পড়া বল দেখি?
আলপনা দেবে কে? কেন,ছুটি?
খেলার মাঠে কে ভাল দৌড়ায়?
কারা যেন সরস্বতী ঠাকুর সাজায়?
ছুটি বসে আল্পনা আঁকে সন্ধে অবধি
শুভ্রা,ব্রততী রঙ ভরে দেয় ফুলের পাপড়ি।
কে কে ভাল গান গাও এসো ফাংশানে
নাচ জানা মেয়েদের ডাকোনি এখানে?
রিহার্সালে কিন্ত চলবে না ফাঁকি,
তাহলে এনুয়াল ফাংশানই মাটি।
নিবেদিতা, পাপিয়া চুপচাপ কেন?
সুপর্ণা, শায়রী আসেনি বুঝি আজও।
সাতাশ বছর পর তোরা মিলেছিস আবার
আমার হয়েছে সময় স্কুল ছেড়ে যাবার।
তোদের দেখে আমি আজ আত্মহারা অতি,
তবু কাঁদে মন, কোথায় অনসূয়া, দেবারতি?